অমিত শাহর সফরের মাঝেই বাঁকুড়ায় বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে, পুড়ল বিজেপি জেলা সভাপতির কুশপুতুল
দি নিউজ লায়ন ; দেশের স্বরাষ্ট্র মন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় প্রাক্তন সভাপতি বাঁকুড়ায়। অমিত শাহর সফরসঙ্গী হয়ে বাঁকুড়ায় এসেছেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মুকুল রায়, কৈলাশ বিজয়বর্গী সহ দলের রাজ্য ও কেন্দ্রের তাবড় নেতারা। আর তার মাঝেই প্রকাশ্যে চলে এল বিজেপির গোষ্ঠীকোন্দল। শুধু গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে এল তাই নয় বিজেপি কর্মীরা দলের সাংগঠনিক জেলা সভাপতির কুশপুতুল পুড়িয়ে প্রকাশ্যেই সামিল হলেন বিক্ষোভে।
আজ অমিত শাহ সহ বিজেপি নেতৃত্ব যখন রবীন্দ্রভবনে রাঢ় বঙ্গের নেতৃত্বকে নিয়ে সাংগঠনিক বৈঠক করছেন ঠিক তখনই বাঁকুড়া শহরের অপর প্রান্তে এক্তেশ্বর মোড়ে বিজেপির জেলা সভাপতির বিরুদ্ধে বিরোধীদের সঙ্গে যোগসাজস করে দল পরিচালনার অভিযোগে ক্ষোভে ফেটে পড়েছেন বিজেপি কর্মীদের একাংশ।
প্রকাশ্য রাস্তায় ওই কর্মীরা বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি বিবেকানন্দ পাত্রর কুশপুতুল পোড়ান বিজেপি নেতা কর্মীরা। বিক্ষোভকারীদের দাবি বিজেপি জেলা সভাপতি বিবেকানন্দ পাত্র বিরোধী তৃণমূলের সাথে যোগসাজস করেই দল চালাচ্ছেন।

Post a Comment